ডেস্ক নিউজ
চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় আটক দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকা থেকে মো. ফরহাদ হোসেন এবং ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকা থেকে মাহমুদুল হককে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরহাদ হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ হাজার টাকা অর্থদণ্ড এবং মাহমুদুল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। দুইজনকে মোট ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন উত্তর ধুরুং এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে। মাহমুদুল হক ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন