আশিকুর রহমান, ঢাকা:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন দেশের উদীয়মান গণমাধ্যম ‘দৈনিক স্বাধীন ভোর’-এর সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী। আগামী ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বহুল কাঙ্ক্ষিত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দৈনিক স্বাধীন ভোর সূত্রে জানা যায়, আগামী ১১ অক্টোবর (রোববার) সকাল ১০টায় ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হবেন তিনি।
এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নীতিনির্ধারক, প্রখ্যাত অর্থনীতিবিদ, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে আন্তর্জাতিক ও বাংলাদেশের অর্থনীতি, আর্থিক খাতের সংস্কার, জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির নানা সংকট ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সফরকালে সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী আইএমএফ ও বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ অধিবেশন, সংবাদ সম্মেলন এবং পার্শ্ববর্তী বিভিন্ন কর্মসূচির বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করবেন। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান পেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বৈশ্বিক বিশেষজ্ঞদের সাক্ষাৎকার ও বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন ‘দৈনিক স্বাধীন ভোর’-এর পাঠকদের জন্য তুলে ধরবেন।
উল্লেখ্য, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের কৈয়ণী গ্রামের সফল ও কৃতি সন্তান মোঃ সোহাগ মিয়াজী পেশাগত ও আন্তর্জাতিক কার্যক্রমে পূর্বেও বেশ সুনামের স্বাক্ষর রেখেছেন। এর আগে তিনি দুবাই, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, থাইল্যান্ড ও নেপালে আয়োজিত একাধিক আন্তর্জাতিক সেমিনার ও গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।
সফরটি সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফেরার জন্য মোঃ সোহাগ মিয়াজী তাঁর সহকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে বিনীত দোয়া ও শুভকামনা চেয়েছেন।
মন্তব্য করুন