মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭ জন ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে সর্বমোট ১ কোটি ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেকের অর্থ তুলে দেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
বিআরটিএ কুমিল্লা সার্কেলের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক মো. ফারুক আলম, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে।
অনুষ্ঠানে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের প্রত্যেক পরিবারের অনুকূলে ৫ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহত ৬ জনের চিকিৎসার জন্য মোট ১৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।