ডেস্ক নিউজ
কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তার পরিবারের ছয় সদস্য রয়েছেন।
নাফিজ তেহামীর পরিবারের নিহত অন্য সদস্যরা হলেন- নাফিজ তেহামীর বোন মেলিতা মেহেজাবিন আলভি, লায়লা জাহান নাবিলা, মালিহা মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহাম্মেদ। নাফিজ তেহামীসহ পরিবারের নয়জন ওই রিসোর্টে ছিলেন। তাদের ছয়জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। এক বিবৃতিতে সাদিক কায়েম জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে তিনি নাফিজ তেহামীসহ তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত।সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ১০ জন পর্যটকের মৃত্যুর তথ্য মিলেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড হয়। স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১০টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার হয়।
মন্তব্য করুন