ডেস্ক নিউজ
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের আউটগেটের মুখে এ ঘটনা ঘটে।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, টার্মিনালের আউটগেটে দায়িত্বরত সার্জেন্ট আজিজুল হক ও কনস্টেবল কামরুল এক ব্যক্তিকে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখেন। এসময় আজমেরী পরিবহনের যাত্রী নুরুল আমিনের পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি করে পালানোর অভিযোগে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন তারা।
পরে আটক ব্যক্তিকে মহাখালী টার্মিনাল ট্রাফিক বক্সে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরের কাছে হাজির করা হয়। এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান ও সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
মন্তব্য করুন