জামালপুর প্রতিনিধি,
জামালপুর সদর ভূমি অফিসের সামনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
রবিবার দুপুরে জামালপুর শহরের ভোকেশনাল মোড় এলাকার একটি মিডিয়া হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শরিফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রশিদ দুলাল ও মনিরুজ্জামান বিপুল।
তারা অভিযোগ করে বলেন, শীতলকুর্শা এলাকার ইয়াকিন আলী মহুরী ও তার ছেলে হামিদুল দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার চেষ্টা করা হচ্ছে।
তারা আরও দাবি করেন, ইয়াকিন আলী মহুরীকে মারধরের যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে, তা সত্য নয়। ঘটনার দিন তারা সেখানে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট স্থানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মন্তব্য করুন