ডেস্ক নিউজ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ছিনতাইকারীরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেকে) তার মৃত্যু হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে, এখনো তার পরিচয় জানা যায়নি।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে ওসেকে ভর্তি করা হয়।
যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী ফয়েজ ও ফাহাদ বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে চলন্ত ট্রেনে ওই যুবক ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ক্যান্টনমেন্ট এলাকা থেকে আহতাবস্থায় ওই যুবককে গত রাতে হাসপাতালে আনা হয়েছিল। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পথচারীদের বরাত দিয়ে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের কবলে পড়ে ওই যুবক আহত হন। তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানাকেও অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন