ওমর ফারুক
কুমিল্লার লাকসাম উপজেলার অশ্বতলা গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছচাষি আবুল কাশেম লাকসাম থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অশ্বতলা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে আবুল কাশেম দীর্ঘদিন ধরে নিজস্ব ঘেরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে ঘেরের বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মারা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘেরের পানিতে শত শত মৃত মাছ ভেসে রয়েছে। এতে মাছচাষি আবুল কাশেমকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।
আবুল কাশেম অভিযোগ করে বলেন, “আমি কিছু মাদক কারবারি ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলায় ফারুক, সামু, রুবেল, আক্তার, সুমন ও সেলিমসহ কয়েকজন দুষ্কৃতকারী আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে বলে আমার সন্দেহ। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার চাই।”
তিনি আরও বলেন, মাছ মারা যাওয়ার ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।
মন্তব্য করুন