মনির হোসেন:
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় এক বিশেষ অভিযানে ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামক একটি সেমাই কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যমতে, ঝটিকা অভিযান চলাকালে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ।শিশুখাদ্যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ শিল্প-রং ব্যবহার।সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত ‘এসপারটাম’ মেশানো।বৈধ হালাল সনদ ছাড়াই প্যাকেটের গায়ে ‘হালাল’ লোগো ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অপরাধসমূহ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরণের জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: জুয়েল মিয়া এবং ক্যাব কুমিল্লার প্রতিনিধি মো: কাজী মাসুদ আলম। অভিযানে সার্বিক নিরাপত্তায় সহযোগিতা প্রদান করে র্যাব (RAB) সিপিসি কুমিল্লা-এর একটি চৌকস দল।
অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, “জনস্বার্থ রক্ষা এবং রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম পুরো মাসব্যাপী জেলাজুড়ে অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন