কুমিল্লায় দেশি অস্ত্র হাতে ‘এসবিএস’ গ্যাংয়ের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে গ্যাংটির তিন সদস্য ও ‘সিটিজি’ গ্রুপের এক সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে ভিডিওটি ধারণ করা হয়। এতে কয়েকজন কিশোর-তরুণকে রামদা, চাপাতি ও ছেনিসহ বিভিন্ন দেশি অস্ত্র হাতে ‘এসবিএস’ গ্যাংয়ের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের একজন মো. শাওন (১৯)। তাঁর বাবার নাম দেলোয়ার হোসেন। তাঁদের স্থায়ী বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামে। বর্তমানে তিনি কুমিল্লা নগরের ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এলাকায় তোফাজ্জল নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন। শাওন ‘এসবিএস’ গ্যাংয়ের সদস্য হওয়ার পাশাপাশি ‘সিটিজি’ নামের একটি গ্রুপের অ্যাডমিন।
গ্রেপ্তার অন্য তিনজনের প্রত্যেকের বয়স ১৭ বছর। তাদের একজন কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি হবিগঞ্জে এবং তৃতীয়জন নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তারা তিনজনই বর্তমানে কুমিল্লা নগরের উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকে। পুলিশের তথ্য অনুযায়ী, তারা ‘এসবিএস’ গ্যাংয়ের অন্যতম ও সক্রিয় সদস্য।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ভিডিওটি নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজনের বয়স ১৯ বছর এবং বাকি তিনজনের বয়স ১৭ বছর। তারা সবাই নগরের উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকত।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের অবস্থান ও গ্যাংয়ের অস্তিত্ব জানান দিতে ভিডিওটি তৈরি ও প্রচারের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আগের কিশোর অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংকে আর মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। ‘এসবিএস’ গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।