ডেস্ক নিউজ
রাজধানীর শাহবাগ থানা এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি লেখা জ্যাকেটসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম।
গ্রেফতাররা হলেন- জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৩৯), মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিবি মিরপুর বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, শাহবাগ এলাকার বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া ও দুটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে জানা যায়।
তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
মন্তব্য করুন