কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার শিল্প কারখানায় শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ৩৮৫ জনকে একযোগে পরিচালিত সাঁড়াশি অভিযানে আটক করেছে পুলিশ।
কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশে গত ২ নভেম্বর (২০২৬ খ্রি.) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের সকল ইউনিট এবং গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে অংশ নেয়।
অভিযানকালে শিল্প কারখানায় শ্রমিকদের আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির মূল উস্কানিদাতা মাসুদ রানা (২৬)-কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাসুদ রানা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে শ্রমিকদের উস্কানি দিয়ে আসছিল।
এছাড়া কুমিল্লার আভিজাত্য রক্ষা ও নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে কুমিল্লা মহানগরীসহ প্রতিটি থানা এলাকার বখাটে ও কিশোর গ্যাংয়ের আড্ডা এবং অপরাধপ্রবণ স্থানগুলোতে একযোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে পুরো কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তারকৃত ৩৮৫ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং সদস্য এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উঠতি বয়সের কিশোর ও যুবসমাজ যেন কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে জন্য নিয়মিতভাবে এ ধরনের প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, “কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে পড়ার টেবিলে ফেরাতে এবং সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিময় শহর গড়তে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
একই সাথে অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর পর্যবেক্ষণ রাখা হচ্ছে। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ বদ্ধপরিকর।
মন্তব্য করুন