সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চরসংলগ্ন একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চরের পাশে ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিথর দেহটি ডোবা থেকে ওপরে তুলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহের বাহ্যিক অবস্থা ও বিকৃতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের বিভিন্ন অংশে ইতোমধ্যে পচন ধরেছে।”
ওসি আরও বলেন, “নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত শুরু হয়েছে। আঙুলের ছাপসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তায় আমরা পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
মন্তব্য করুন