কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়া (২৭) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার শনির আখড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেনের ইলিশ মাছবোঝাই পিকআপের গতিরোধ করে। এ সময় ব্যবসায়ী, চালক ও তাঁর সহযোগীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে যায় ডাকাতরা।
পরে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছসহ পিকআপ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মুরাদনগর থানায় মামলা করেন।
গ্রেপ্তার ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। এসআরবির দাবি, তিনি একটি আন্তজেলা ডাকাত দলের সর্দার। প্রবাসী ও ব্যবসায়ীদের টার্গেট করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন তিনি। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন ইদ্রিস।
পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এসআরবি-১১। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইদ্রিস মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন