ওমর ফারুক | লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপির ছোট ভাই ও লাকসামের মুদাফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আলমের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তাঁর নির্বাচনী এলাকার অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম এমপি বলেন, “আমার ছোট ভাই শাহ আলম এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। তাঁর কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। কারও সঙ্গে কোনো লেনদেন থেকে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তা নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা করব।”
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুম শাহ আলমের কর্মময় জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুম শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিটিএমই-এর নেতৃবৃন্দ, চৈতি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
জানাজার নামাজে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রিয় এই জনপ্রতিনিধির বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
মন্তব্য করুন