ইকবাল হোসেন সুমন
কুমিল্লা নগরবাসীর সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে দরপত্রের লটারি উদ্বোধন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
রবিবার (২৯ মার্চ) সকালে সিটি কর্পোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে লটারির উদ্বোধন করেন কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-জিপি পদ্ধতির মাধ্যমে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এতে দুর্নীতির সুযোগ কমে আসার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে বলে মনে করছেন ঠিকাদাররা।
জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দরপত্র বিজ্ঞপ্তি নং ০৬-এ ১৭টি এবং বিজ্ঞপ্তি নং ০৭-এ ৯২টি প্রকল্পসহ মোট ১০৯টি প্রকল্প এলটিএম (LTM) পদ্ধতিতে আহ্বান করা হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় প্রায় ৪২ কোটি টাকা।
এই আয়োজন সরাসরি প্রত্যক্ষ করে সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেছেন, যা স্থানীয় সরকার কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধির একটি দৃষ্টান্ত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন