সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ‘রয়েল কোচ’ পরিবহনের একটি যাত্রীবাহী স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুরোপুরি ভস্মীভূত হলেও যাত্রীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।
সোমবার (১৭ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের স্লিপার বাসটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি জোরালো ধাক্কা দেয়। এতেই হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায়।
আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ার আগেই বাসে থাকা যাত্রীরা দ্রুত হুড়মুড় করে নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ফারুক ইসলাম জানান, “অজ্ঞাত গাড়ির ধাক্কাতেই যাত্রীবাহী স্লিপার বাসটিতে আগুনের সূত্রপাত হয়।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও স্টাফরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এসআই ফারুক ইসলাম জানান, অগ্নিকাণ্ডের পর মহাসড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
পলাতক চালক ও স্টাফদের শনাক্ত এবং অজ্ঞাত গাড়িটিকে চিহ্নিত করতে পুলিশের তদন্ত চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
মন্তব্য করুন