সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মো. আজহার মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. আজহার মিয়া উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর গ্রামের আব্দুল জলিল মেম্বারের ছেলে। তিনি স্থানীয় জামায়াত নেতা হিসেবে পরিচিত।
অভিযোগে বলা হয়, গত ১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে একই এলাকার ওই শিশুকে কৌশলে নিজের পোল্ট্রি খামারের পাশে একটি টিনশেড ঘরে নিয়ে যান আজহার। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে দাবি করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত আজহার পালিয়ে যান। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনা জানায়।
স্থানীয়রা জানান, ঘটনার পর শিশুটিকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আজহার এর আগেও এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন এবং প্রভাব খাটিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
বাঙ্গরা বাজার থানার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, “আজহার নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া চলমান। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
মন্তব্য করুন