আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে লাকসাম ধানবাজার এলাকায় লাকসাম পৌরসভা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম পৌরসভা যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আবুল বাসারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব সোহাগ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী মোশাররফ হোসেন মুশু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশু, মাঈন উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুক রাজু, লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্যসচিব আফজাল হোসেন এবং পৌরসভা যুবদল নেতা রাসেল আহমেদ।
মতবিনিময় সভায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচন সামনে রেখে লাকসামে রাজনৈতিক দলগুলোর এমন ধারাবাহিক কর্মসূচিতে পৌর এলাকায় নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে উঠছে।
স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, লাকসাম পৌর এলাকায় বিভিন্ন দলের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা আরও বাড়তে পারে।