ডেস্ক নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কথাবার্তাকে ভারসাম্যহীন ও অসংলগ্ন আখ্যায়িত করে এগুলোর কোনো জবাব দিতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। তার এ ধরনের বক্তব্য কি এক ধরনের স্বীকারোক্তি নয় যে তারা এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা অ্যানালাইসিস করুন।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যারা বলছেন যে ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে করে কি বোঝা যায়? দাবি মানার জন্য ককটেল মারা হচ্ছে। আমি ৯ দল এজন্যই বলছি যে আগে বোধ হয় ১১ দল ছিল, দুই দল মনে হয় বেরিয়ে গিয়েছে। চরমোনাই পীর সাহেবের দল বোধ হয় ওখানে নাই, আর খেলাফত মজলিস নামের আরেকটা পার্টি বোধ হয় নাই বর্তমানে। তো সংখ্যা বোধ হয় ৯-এ দাঁড়িয়েছে। দফাও ৯টা।’
‘এখন ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ঠুস-ঠাস হবে না, এই তো? এটাই তো তার বক্তব্য। এই সব বক্তব্যের মধ্য দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছেন কারা জড়িত এগুলোতে। আপনারা বিশ্লেষণ করবেন। তবে আমি ওই লেভেলের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না,’ যোগ করেন মন্ত্রী।
মন্তব্য করুন