মো. ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষীপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন অটোচালক মো. নবীরুল ইসলাম (৪০)। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশাটি।
নিহত নবীরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মো. সাহার উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার (১৮ জুলাই) রাতেও অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে নবীরুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের কূর্শাখালী অরক্ষিত রেলগেট সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক অটো থেকে নামিয়ে ধরে রাখে। পরে প্রধান অভিযুক্ত মো. আকাশ আহম্মেদ (২২) ধারালো ছুরি দিয়ে তার বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় নবীরুল ইসলাম মোবাইল ফোনে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, ঘটনার পরপরই ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়াঘাট থানা এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. আকাশ আহম্মেদকে ছিনতাইকৃত অটোরিকশাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ফুলবাড়ী থানা হাজতে রয়েছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন