গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি জোটের ধানের শীষ প্রতীক নিয়ে ১ লক্ষ ৪২ হাজার ৭৭২ পেয়ে নয়া সংসদ সদস্য নির্বাচিত হলেন সাবেক এমপি শামীম কায়সার লিংকন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৬ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টিসহ ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীর মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দাঁড়িপাল্লার চেয়ে ৩ হাজার ৩৪ ভোট বেশি পেয়ে শামীম কায়সার লিংকন বিজয়ী হয়েছেন।
১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।
এ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৪ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির কাজী মশিউর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আব্দুর রউফ আকন্দ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৫২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৩ ভোট এবং বিল্পবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আতোয়ারুল ইসলাম নান্নু কোদাল প্রতীকে পেয়েছেন মাত্র ৩৬৮ ভোট। নির্বাচনে এ চার জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনী আসনে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৬৮ হাজার ৩৭৪। এর মধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ৫৯৬, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৫০৫ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৯১টি। ভোট প্রদানের হার ৬২.৯৪ শতাংশ।
মন্তব্য করুন