সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার বরুড়ায় “লাল কার্ড” দেখালো স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরুড়া উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সংগঠনটির উদ্যোগে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ।
এসময় সংগঠনের সদস্য ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়াম, অন্তু, ইফতি, মেহেদী, সোহান, আশিক, সাইফুল, ফখরুলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “মাদক ও কিশোর অপরাধ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে। আর স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ নষ্ট করে। তাই মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে লাল কার্ড দেখিয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তাই এখন থেকেই সচেতন হও, ভালো মানুষ হও এবং দেশকে ভালোবাসো।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
উল্লেখ্য, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।
মন্তব্য করুন