সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টাার, কুমিল্লা
কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর ছায়াবিতান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল।
রোববার (২ আগস্ট) রাতে জেলার সদর উপজেলার দৌলতপুর ছায়াবিতান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- শিপন (৫২)। তিনি কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর (ছায়াবিতান)গ্রামের মৃত মান্নানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি গাঁজাসহ মোঃ শিপনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শিপন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল।”
তিনি আরও বলেন, “র্যাব-১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার (৩ আগস্ট) সকালে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন