সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৫ জন যাত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আতিকুল্লাহ সবুজ (২৬)। তিনি বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড়া গ্রামের অলি উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘বলাকা পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে দেওড়া ফকিরা মোকাম এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের স্টিয়ারিং লক হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটির চালকের আসনে ছিলেন গাড়ির মালিক মনির নিজেই। দুর্ঘটনায় রাস্তার পাশের একটি পল্লী বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় হেলপার সবুজ ঘটনাস্থলেই নিহত হন। আহত ৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে নিহত সবুজের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শ্রমিক নেতা আব্দুল জলিল। তিনি জানান, “নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও বাড়তি আর্থিক সহযোগিতা নিশ্চিত করা হবে।”
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
মন্তব্য করুন