কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই-আবিদপুর সড়কের মনঘাটা এলাকার নাগিনী জলায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাজেবাহেরচর এলাকার মো. খলিল ও রিয়াদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে মনঘাটা এলাকার নাগিনী জলায় প্রায় ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে বুড়িচংয়ের মোকাম, কুমিল্লা সদর দক্ষিণের কালীরবাজার এবং বরুড়ার খোশবাস ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসব এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, দেশীয় অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন