বহু চড়াই-উতরাই, দমন-পীড়ন, গুম-খুন ও মিথ্যা মামলার প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সারাদেশের মতো কুমিল্লার লাকসামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেলে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে লাকসাম পাইলট স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশুসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে নির্যাতন-নিপীড়ন, হামলা ও মামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন করা হবে। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদেরও দেখা যাচ্ছে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এলাকায় যে প্রার্থী সবচেয়ে জনপ্রিয় এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই মনোনয়ন দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।