সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দিতে ১৪ বছরের অটোচালক রিফাতকে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলার মূল ৩ আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। একইসাথে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল দিবাগত রাত থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর ব্রিজ এলাকা থেকে রিফাত নামের ওই কিশোর অটোচালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ব্রিজের নিচে রিফাতের মরদেহ ফেলে রাখা হয়।
এ ঘটনায় রিফাতের মা সুমি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার গভীর রাতে দাউদকান্দি পৌরসভা ও কুমিল্লা শহরে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে হত্যা ও ছিনতাই মামলার মূল তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকুট মুন্সী বাড়ির ফজলুল হকের ছেলে মো. শাহজাল (৩৬), কোতোয়ালী থানার কুচাইতলীর সুরাজ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩৫) এবং একই এলাকার আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩১)। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম বলেন, “এটি একটি চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। আসামিরা একটি শিশুকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দিয়ে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আমরা তাদেরকে গ্রেফতার এবং ছিনতাইকৃত যানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন