ডেস্ক নিউজ
ঢাকার সড়কে সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, ফুটপাত দখল করে পার্কিং, নির্ধারিত লেনে না চলা নিত্যদিনের ঘটনা। নগরবাসী প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শী হলে তাদের কিছু করার থাকে না। তবে সেই সুযোগ করে দিতে আসছে নতুন পদক্ষেপ। তাৎক্ষণিকভাবে যে কেউ অভিযোগ জানালে ব্যবস্থা নেবে পুলিশ।
সড়কে যে কোনো অনিয়মের তথ্য জানাতে প্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার কাজে সরাসরি সম্পৃক্ত করতে ‘হ্যালো ডিএমপি’ মোবাইল অ্যাপে বিশেষ একটি ফিচার যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোনো নাগরিক রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দেখতে পেলে সরাসরি ছবি বা ভিডিও ধারণ করে অ্যাপের মাধ্যমে পুলিশের কাছে তথ্য পাঠাতে পারবেন। তথ্য প্রেরণকারীর নাম-পরিচয় গোপন রাখবে পুলিশ।
ডিএমপি সূত্রে জানা যায়, নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও পেলেই সরাসরি মামলা করা হবে না। প্রথমে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হবে। ছবি বা ভিডিওর সত্যতা, ঘটনার স্থান-সময় এবং আইন লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে হবে ডিজিটাল মামলা।
মন্তব্য করুন