বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ব্যস্ততম ভূল্লী বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও পথচারীরা। বাজারের পশ্চিম পাশে একটি ছোট ড্রেন থাকলেও সেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় কার্যত কোনো কাজে আসছে না।
ভূল্লী বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের দুই পাশে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পশ্চিম পাশে থাকা ছোট ড্রেনটিও ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন করতে পারছে না। ফলে আকাশে সামান্য বৃষ্টি হলেই পানি সড়কের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। এতে সড়কের দুই পাশে কাদা জমে যায় এবং ধীরে ধীরে পাকা সড়কের কার্পেটিং নষ্ট হচ্ছে।
এদিকে ময়লা-আবর্জনা ও কাদাপানিতে বাজারের পরিবেশও দিন দিন নষ্ট হচ্ছে। ব্যস্ততম এই বাজারে এমন অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
আরও উদ্বেগের বিষয় হলো, ভূল্লী বাজারের হাইওয়ে সড়কের দুই পাশে প্রায় ১৫০ থেকে ২০০টি দোকানপাট রয়েছে। সড়কের একেবারে পাশে দোকানপাট থাকায় প্রতিদিন যানবাহন ও পথচারীদের চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি। কখন কী ধরনের দুর্ঘটনা ঘটে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, কোনো বড় ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাইওয়ের পাশে ঝুঁকিপূর্ণভাবে থাকা দোকানপাটগুলো সরিয়ে নেওয়ার পাশাপাশি বাজারের দুই পাশে পরিকল্পিত ও প্রশস্ত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করতে হবে।
ভূল্লী বাজারের ব্যবসায়ী মহল নবগঠিত ভূল্লী উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, ছোট ও ময়লা-আবর্জনায় ভরা অকার্যকর ড্রেন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। বাজারের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, ময়লা-আবর্জনা অপসারণ এবং সড়কের পাশে ঝুঁকিপূর্ণ দোকানপাটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ব্যবসায়ীদের প্রত্যাশা, ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
এ বিষয়ে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেনের বক্তব্য জানতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন