কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের হামলায় এক যুবকের মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবী।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অভিযুক্ত ইমনের (২৪) মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবী রাবেয়া বেগম।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা নিয়ে প্রথমে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তিনি আট মাস বয়সী ভাতিজিকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুটির মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাবেয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।
ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে তিনি এ ধরনের হামলা চালিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।v
মন্তব্য করুন