ডেস্ক নিউজ
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ওই সরকারের সাবেক ১২ জন উপদেষ্টা।বিবৃতি দেওয়ার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও ড. আসিফ নজরুল।
সাবেক উপদেষ্টাদের বিবৃতির বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ‘সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে চলমান হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের ঘটনায় আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং সম্ভাব্য কঠোরতম ভাষায় এর নিন্দা জানাচ্ছি।’
বাংলাদেশ ‘যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল’, তখন অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠনের কাজে সর্বোচ্চ চেষ্টা করেছে উল্লেখ করে এতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং একটি স্বার্থান্বেষী মহল অধ্যাপক ইউনূসকে ঘিরে নিরলসভাবে বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে এবং তাকে শারীরিকভাবে হুমকি দিচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার লক্ষ্যে নেওয়া এ ধরনের কাপুরুষোচিত কৌশলের আমরা তীব্র নিন্দা জানাই।’
‘বাংলাদেশের জনগণ এবং তরুণদের বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সংস্কার ও মর্যাদার ঐতিহাসিক আকাঙ্ক্ষাকে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসন ও তার সমর্থকদের বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও প্রচেষ্টার মাধ্যমে মুছে ফেলা যাবে না, এবং তা হতে দেওয়া হবে না’ বলেও ইংরেজিতে দেওয়া বিবৃতিটিতে বলা হয়েছে।
মন্তব্য করুন