ডেস্ক নিউজ
চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান এবং নিয়মিত মামলায় একদিনে ৪৩৩ জন গ্রেফতার হয়েছে। এ সময় ১১ হাজার ৯ পিস ইয়াবা, ৫ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬০ লিটার চোলাইমদ, ১২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৪৩৩ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫২ জন, পূর্ববর্তী মামলায় ৯৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন রয়েছেন।
এ ছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, পরোয়ানা মূলে ৮৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ৯১ জনকে গ্রেফতার করা হলেও মাদক বহনের অভিযোগে কেউ গ্রেফতার হয়নি। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ১১২ জনকে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৩২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ১৭টি মাদক মামলা করা হয়েছে।
জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন