সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
রোববার (১৯ জুলাই) নগরের টমছমব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুসিক সূত্রে জানা যায়, টমছমব্রীজ এলাকায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়। অভিযানে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়। ফলে ওই এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ ও স্বাভাবিক হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন