
সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুর বাজারে ঘুমন্ত এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত খোকন ওরফে ল্যাংরা খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩০ জুন) ভোরে বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে যৌন নির্যাতন করে খোকন। ঘটনার পর তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
শনিবার সকাল থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের একাধিক টিম অভিযুক্তকে গ্রেফতারে অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে বরুড়ার ঝলম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এদিকে পুলিশ ভুক্তভোগী নারীকে শিকারপুর এলাকা থেকে উদ্ধার করেছে। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, “ধর্ষণের খবরের পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নামে। সন্ধ্যায় বরুড়ার ঝলম থেকে খোকনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।”
স্থানীয়দের ভাষ্য, গ্রেফতারকৃত খোকন দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন