নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের রামুর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রামু থানাধীন বসুন্ধরা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সেই নারীকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম নুর ফাতেমা (৪০)। তিনি রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং এলাকার মোঃ শফি আলমের স্ত্রী।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র্যাব-১৫ এর একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন হিসেবে নুর ফাতেমাকে আটক করা হয়। পরে নারী র্যাব সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক নুর ফাতেমা একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রামু থানায় আগেরও একটি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন