সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. ইব্রাহিম (৩৫) নামে এক পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম পলাতক রয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেলে নিমসার এলাকার সাবেক চেয়ারম্যান আবু তাহের বাড়ির ভাড়াটিয়া লুৎফুর রহমানের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম একই এলাকার সরু হাজির বাড়ির ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় মিনি পিকআপ চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পাশের কক্ষের ভাড়াটিয়ারা তীব্র দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে জানান। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরজিৎ বড়ুয়া ও উপপরিদর্শক এসআই মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কক্ষের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উপপরিদর্শক এসআই মঞ্জুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও প্রায় ছয়-সাত মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়া বাসায় বসবাস করতেন। ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন, “ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের অবস্থা ও ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের দ্বিতীয় স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
মন্তব্য করুন