একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শহর বিএনপি। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি সেই বীর শহীদদের রক্তের বিনিময়ে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়েও ভাষা আন্দোলনের চেতনা আমাদের প্রেরণা যোগায়।”
জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন জামালপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মিলনসহ শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।