মাহফুজ বাবু (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় অটোরিকশার ভাড়া ও ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে সোহেল নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
নিহত সোহেল উপজেলার ঝলম ইউনিয়নের পশ্চিম বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে অটোরিকশার ভাড়া ও ভাংতি টাকা নিয়ে ঝলম দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডের সেক্রেটারি বাসার মিয়ার দুই ছেলের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধ সংঘর্ষ ও মারামারিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারির একপর্যায়ে সোহেল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরুড়া রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ভাড়া ও ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তদন্ত চলছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন