চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে মাদক ও জুয়ার সামাজিক ব্যাধি দূর করার লক্ষ্যে এক প্রতিবাদী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চৌমুহনী বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক ও জুয়া সমাজ ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তরুণ সমাজকে এসব থেকে দূরে রাখতে হবে। প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই সামাজিক ব্যাধি নির্মূলে স্থানীয়দের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।”
চৌমুহনী বাজার কমিটির সভাপতি ডাক্টর আহসান উল্লাহর সভাপতিত্বে এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন ,চৌদ্দগ্রাম থানার এসআই মোরশেদ আলম, শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাদ হোসেন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিঠু, শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন, স্থানীয় জামায়াত নেতা মাওলানা মোরশেদ আলম, সামছুল আলম ও জাকির হোসেন এছাড়া সমাবেশে বক্তব্য দেন মজিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আকতার, সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন, মজিবুর রহমান মনজু, বিএনপি নেতা মারুফ এবং স্থানীয় জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশে উপস্থিত বক্তারা স্পষ্ট বার্তা দেন যে, চৌমুহনী বাজার ও আশপাশের এলাকায় কোনো ধরনের মাদক কেনাবেচা বা জুয়ার আসর বরদাশত করা হবে না। বাজারটিকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ রাখতে ব্যবসায়ী, প্রশাসন ও সুশীল সমাজ একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে মাদক ও জুয়াবিরোধী আন্দোলনের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন।
মন্তব্য করুন