ডেক্স রিপোর্ট:
একটি নতুন ধারার ছাত্র রাজনীতি এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, তা পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই সফল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল দুই দিনব্যাপী ক্যাম্পাসকেন্দ্রিক কর্মসূচি দিয়েছে।
প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার যে কোনো একটি ক্যাম্পাস বন্ধের দিন যেন ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিটি ক্যাম্পাসে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে এবং ক্যাম্পাসে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, তাদের সাথে থেকে যেন কার্যক্রমে অংশগ্রহণ করে। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু প্রশাসন এবং পরিচ্ছন্নতা কর্মীদের মূল দায়িত্ব। কিন্তু ছাত্রদল এর স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করা এবং নিজেরাও সেই কাজে সশরীরে অংশগ্রহণ করার মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যে আমাদের সবার এই বার্তা দিতে চায়। আমরা শুধু লোক দেখানো কিংবা বক্তব্যে নয়, আমরা যেন সত্যিকারের অর্থে মন থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করি সেই চেষ্টা করছি।’
ঢাকা কলেজ ছাত্রদলকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতিটি ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ছাত্রদল ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু ঢাকা কলেজ অনন্য কারণ তারা ৫ আগস্টের পর পরই ক্যাম্পাসে পূর্ণভাবে প্রবেশ করার পর থেকেই ঢাকা কলেজ ছাত্রদল বিগত দুই বছরব্যাপী ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনন্য সাফল্য লাভ করেছে। তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এবং সে কারণে কলেজ কিন্তু মোটামুটি বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন একটি ক্যাম্পাস।ঢাকা কলেজ ছাত্রদল এক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমি চাই তাদের এই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে।
জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে ছাত্রদল সফল হবে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের দুর্যোগ এ দেশে আসলে ছাত্রদল সব ক্ষেত্রেই সাধ্যের মধ্যে সবটুকু করেছে। আগামীতেও শুধু এই কর্মকাণ্ড নয় সামাজিক ও সাংস্কৃতিক বেশ কিছু কর্মসূচি পালন করব এবং ইতোমধ্যে ছাত্রদল এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। আমরা বিশ্বাস করি যে, একটি নতুন ধারার ছাত্র রাজনীতি এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, তা পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই সফল হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে ঢাকা কলেজ ছাত্রদলকে আরও বেশি মূল্যায়ন করা উচিত কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটিতে ঢাকা কলেজ ছাত্রদলকে আমরা মূল্যায়ন করেছি। শুধুমাত্র এটি আমাদের মূল্যায়ন করার বিষয় না বরং বাংলাদেশের রাজনীতিতেও তাদের একটা অনবদ্য অবদান রয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানেও যখন সারা দেশ উত্তাল হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ই জুলাই যখন হল বন্ধ করে দেওয়া হলো তখনও কিন্তু ঢাকা কলেজ ছাত্রদল এবং কলেজের শিক্ষার্থীরা সম্মুখ ময়দানে ছিল। আমরা সে বিষয়ে পুরোপুরি অবগত রয়েছি। তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা কখনোই কমেনি এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
মন্তব্য করুন