ডেস্ক নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান বলেছেন, ২৪-এর পরাজিত আওয়ামী শক্তি নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত শুরু করেছে।
যারা ১৭ বছর ধরে আবু সাঈদের মতো জনতার বুকে গুলি চালিয়েছে, সেই গণহত্যাকারীরা বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের গ্রেফতার করতে হবে।
তিনি বলেন, ২৪-এর গণহত্যাকারীদের মামলা নিয়ে সরকার যদি টালবাহানা করে, তবে রাজপথ আবার উত্তপ্ত হবে এবং মিছিল-স্লোগানের মাধ্যমে সরকারকে বিচার বাস্তবায়নে বাধ্য করা হবে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বোমাবাজি, বাসে আগুনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুর অঞ্চলের উদ্যোগে রোববার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিক্ষোভ মিছিল-সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিল শেষে পথসভা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, মহানগরী মজলিসে শুরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বির প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে শুরু মিরপুর ১০নং গোলচত্বর হয়ে রোকেয়া স্মরণীর আল হেলাল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান বলেন, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। বিগত ১৭ বছরে যারা আগুন সন্ত্রাস চালিয়েছে তারা যেমন দিল্লি পালাতে বাধ্য হয়েছে, তেমনি বর্তমান সরকারও যদি সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয় তবে তারাও ইতিহাসের আবর্জনায় নিক্ষিপ্ত হবে। সরকার যদি আওয়ামী লীগের সাথে আপস করে বা গণভোটের রায় বাস্তবায়ন না করে তবে জনগণ সরকারকেও আসামি বানাবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার রোববার এসব তথ্য জানান।
মন্তব্য করুন