ডেস্ক নিউজ
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব বিরোধের মীমাংসা চলাকালে ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় মো. রোহান উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত হামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় কয়েকজনের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা চলছিল। এ সময় রোহান হামিমকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় হামিমকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ছুরিকাঘাতে হামিম নামে এক যুবক খুন হন। খবর পেয়ে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন