জ্যেষ্ঠ প্রতিবেদক
পঞ্চগড় সদর উপজেলার গোফাপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয় কয়েকজন সেটিকে নিয়ে খেলাধুলা করছিলেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে।
সোমবার (২৪ আগস্ট) ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল রোববার দুপুর ১টার দিকে গোফাপাড়া গ্রামের এক বাসিন্দা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার জন্য পানি সেচতে গিয়ে মাটির নিচ থেকে দেড় হাতের মতো লম্বা গোলাকার একটি ধাতব বস্তু পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন সেটিকে কামানের গোলা বা বোমা সন্দেহে নিয়ে খেলাধুলা করছিলেন।
বিষয়টি জানার পর ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে পঞ্চগড় সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আলমগীর হোসেন। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই সোহাগ তালুকদার।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানার একটি দল দ্রুত গোফাপাড়া গ্রামে গিয়ে ডোবা থেকে বস্তুটি উদ্ধার করে। পুলিশের ধারণা, এটি একটি মর্টার শেল। এর দৈর্ঘ্য আনুমানিক ১০ ইঞ্চি।
পুলিশ শেলটি থানার নিরাপদ স্থানে বালি ও পানির মধ্যে রেখে দিয়েছে। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন