ডেস্ক নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তবে, এই পুলিশ কর্মকর্তার দাবি-অডিওটি তার নয়। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় তৈরি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। পরে এক ফেসবুক পোস্টে ওসি রাকিবুল ওই দাবি করেন।
এরপর নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়ে রাকিবুল দাবি করেন, ভাইরাল অডিওটি অ্যাডভান্স এআই দিয়ে তৈরি।
তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে, এই অডিও না শুনলে বুঝাই যাবে না।
তিনি আরও লেখেন, গণমাধ্যমের প্রতি অনুরোধ-যাচাই বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মান-সম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার। অথচ, আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিওনাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।
এর আগে, দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ওসির কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি।
মন্তব্য করুন