ডেস্ক নিউজ
রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত এবং ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজারবাগের মোমিনবাগ গলিতে এ কার্যক্রম চালানো হয়। কার্যক্রম পরিচালনার সময় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
অভিযানকালে রাস্তায় জমে থাকা পানি অপসারণ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি ও সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে ভবন মালিক ও সংশ্লিষ্টদের জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
পরিদর্শন শেষে প্রশাসক মো. আবদুস সালাম ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন