ডেস্ক নিউজ
আগামী সপ্তাহে পুলিশের অধীনে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ইউনিটের শাখা মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এ জন্য পুলিশ সদর দপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট ক্রিয়েটেড না থাকলে আমরা ক্রিয়েট করব।’
তিনি বলেন, ‘সব মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগে নির্দেশ দেওয়া হয়েছে। জটিল ধরনের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয়গুলো সেখানেই মোকাবিলা করা হবে।
তিনি বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার।’
সাইবার অপরাধ ও স্ক্যামভিত্তিক অপরাধের বিস্তার তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যামভিত্তিক। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’
মন্তব্য করুন