ডেস্ক নিউজ
রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ সময় এক নেতা ড্রেনে লুকিয়ে পড়েন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ভিডিওতে দেখা গেছে, জাসদের কার্যালয় থেকে পুলিশের কাছে আটক হয়ে বের হওয়ার সময় তিনি ড্রেনে পড়ে যান। পরে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে তুলে প্রিজন ভ্যানে নেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কার্যালয় থেকে বের মুখেই লম্বা করে ড্রেন কাটা ছিল। আটক নেতাকর্মী ও পুলিশের ভিড়ে ড্রেনটি খেয়াল করতে পারেননি সেই ব্যক্তি। কার্যালয় থেকেই বের হতেই হঠাৎ ড্রেনে পড়ে যান। চিৎ হয়ে পড়ায় তার শরীরের পেছনের অংশ ময়লা পানিতে মাখামাখি হয়। এসময় কয়েক পুলিশ সদস্য তাকে টেনে ওপরে তুলেন।
এর আগে, এই কার্যালয়ে শতাধিকের বেশি নেতাকর্মী জড়ো হয়েছিল বলে জানা যায়। এসব বিষয় জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখে। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।
এরপর বিকেল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে অনেককে বের করতে দেখা যায়। পরে তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।