ডেস্ক নিউজ
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে যাওয়া একটি বিষধর পদ্মগোখরো সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশ থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।
আমীর হোসাইন শাওন বলেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশে একটি চায়ের দোকানের নিরাপত্তা জালে আটকে পড়েছিল একটি পদ্মগোখরো সাপ। খবর পেয়ে প্রায় ৪ ফুট লম্বা পদ্মগোখরো সাপটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়। সাপটির বয়স আনুমানিক ৩ থেকে সাড়ে ৪ বছর হবে।
তিনি জানান, এই সময়ে পদ্মগোখরো ডিম দেয়। সম্ভবত সাপটি ডিম দেওয়ার জন্য নিরাপদ স্থান খুঁজছিলো।
তবে পদ্মগোখরো সাপের ফণার পেছনে গোল ও-আকৃতির মনোকল মার্ক থাকে, যা দূর থেকে দেখলে একটি বড় চোখের মতো মনে হয়। সম্প্রতি উদ্ধার হওয়া কয়েকটি পদ্মগোখরোর এই চিহ্নটি অসম্পূর্ণ ও অর্ধচন্দ্রের মতো দেখা গেছে।
জিনগত তারতম্যের কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছেন আমীর হোসাইন শাওন।
মন্তব্য করুন