ডেস্ক নিউজ
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৪৯৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৪ হাজার ২৬৯ পিস ইয়াবা, ২১ কেজি ২৬০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টার হিসাবে নিয়মিত মামলায় ৭৭ জন, পূর্ববর্তী মামলায় ১০৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরোয়ানামূলে ১২৯ জন এবং সাজা পরোয়ানামূলে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদক মামলায় গ্রেফতার ৯৬ জনের মধ্যে মাদক বহনকারী একজন ও মাদকসেবী ৯৫ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ১৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২০ হাজার ৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।
অভিযানে ৪ হাজার ২৬৯ পিস ইয়াবা, ২১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৯৬ লিটার চোলাই মদ, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল বিদেশি মদ, ৯৫ বোতল স্কাফ সিরাপ, ৩৭ ক্যান বিয়ার ও ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন